কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারালেন সুধীর বিশ্বাস
বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে কুলাউড়া পৌর শহরের আলালপুর এলাকায় রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুধীর বিশ্বাস জেলার জুড়ী উপজেলার আমতীলচক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। শুক্রবার সকালে সেখান থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে বের হয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রেললাইন পার হওয়ার সময় সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
















