কুলাউড়ায় চার ডাকাত গ্রেফতা র, অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ১১:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির সময় পুলিশ অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় লুণ্ঠিত মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাগানবাড়ি পাকা সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, জাকির হোসেন (৩২), মো. নাজিম মিয়া (২৫), মো. দেলোয়ার হোসেন (২৯) ও জুবের আহমদ জুবলা (৩০)। তারা সবাই কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দলের সদস্যরা রাত ২টার দিকে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা লাল মিয়া। ফেরার পথে পাঁচজন ডাকাত তাকে পথরোধ করে। দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ডাকাতরা লালের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে ডাকাত দলটি একটি মাইক্রোবাসযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক চুনঘর এলাকায় অভিযান চালিয়ে রাত ৩টার দিকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সেই সাথে পালিয়ে যাওয়া অপর ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
















